নাশকতা ঠেকাতে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান, অর্থদাতা ও ইন্ধনদাতাদের খুঁজছে পুলিশ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, যানবাহনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সারা দেশে পুলিশি তৎপরতা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার এবং বিশেষ অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি স্থাপন এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে অভিযানের নামে নিরপরাধ মানুষকে হয়রানি কিংবা গণগ্রেপ্তার না করার বিষয়ে সতর্ক করেন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতাদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় সহিংসতার আশঙ্কা রয়েছে, সেখানে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পুলিশের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, সহিংসতা প্রতিরোধে সারা দেশে পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা ও মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া সাইবার স্পেস ব্যবহার করে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে সাইবার মনিটরিংও বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, গত কয়েক দিনের সহিংসতার ঘটনায় যাদের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘সর্বাত্মক ধর্মঘট’ ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর, বিক্ষোভ, অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আগুনে এক চালকের প্রাণহানিও হয়েছে।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ১০ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন এলাকার ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া সাতটি স্থানে আটটি যানবাহনে আগুন দেওয়া হয়।
একই দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে সিএমপিতে দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনায় একটি করে। এসব ঘটনায় গত মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৫৯ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ৩৩ জনকে নাশকতার সময় আটক করা হয়।
এসব ঘটনায় মাঠপর্যায়ের পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যে আইজিপির বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ জন্য টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঝুঁকিপূর্ণ চার জেলায় বাড়তি পুলিশ
সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় ধারাবাহিক সহিংসতার ঘটনায় বিশেষ নজর দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকায় যাতে সংঘবদ্ধভাবে কেউ নাশকতা চালাতে না পারে, সে জন্য টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।
ইতোমধ্যে কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। যেসব স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের কাছে জানতে চাওয়া হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেন, জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফোর্স সংখ্যা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।
এদিকে সীমান্ত ব্যবহার করে অপরাধী বা নাশকতাকারীরা যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন আইজিপি। গত বুধবার সীমান্তবর্তী জেলার এসপি, পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে পৃথক ভার্চুয়াল বৈঠকে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক ও সন্দেহভাজন ব্যক্তিদের যাতায়াত ঠেকাতে সতর্ক থাকার পাশাপাশি সীমান্তকেন্দ্রিক অপরাধের তথ্য সংগ্রহেও গুরুত্ব দেওয়া হয়েছে।
অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্তে অভিযান
সাম্প্রতিক নাশকতার পেছনে কারা অর্থায়ন করছে এবং মাঠপর্যায়ে কারা এসব কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখতে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। নাশকতার পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করতেও অনুসন্ধান চলছে।
সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নাশকতার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও অর্থদাতাদের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্য যাচাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের কর্মকাণ্ড এবং দেশের বাইরে থেকে নাশকতায় অর্থায়ন বা নির্দেশনা দেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সহিংসতার সংশ্লিষ্টতায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজন অর্থদাতার নাম পাওয়া গেছে। যারা সহিংসতা ঘটানোর জন্য অর্থায়ন করছে, তাদের পাশাপাশি নতুন করে যাদের নাম আসছে, তাদের বিষয়েও তথ্য যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নিলেই হবে না, সম্ভাব্য নাশকতা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করতে হবে। গুরুত্বপূর্ণ স্থাপনা, যানবাহন চলাচলের স্থান, সড়ক ও জনসমাগমস্থলে নজরদারি বাড়াতে হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সাইবার মনিটরিং এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে হবে।
গণগ্রেপ্তার নয়, প্রকৃত অপরাধীদের ধরতে নির্দেশ
নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানের পাশাপাশি নিরপরাধ মানুষ যাতে পুলিশের অভিযানে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক করেছেন আইজিপি। অপরাধী ধরার নামে ঢালাও গ্রেপ্তার কিংবা শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে আটক না করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের বলা হয়েছে, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে মানসম্মত গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত কি না, তা যাচাই না করে তাকে হয়রানি করা যাবে না। গণগ্রেপ্তারের পথে না গিয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া অভিযানে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সক্রিয়তা নিয়েও আলোচনা হয়েছে। মাঠপর্যায়ে কোনো সদস্য দায়িত্ব এড়িয়ে চলছেন কি না, তা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। দায়িত্ব পালনে নিষ্ক্রিয় সদস্যদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সক্রিয় করার পাশাপাশি প্রয়োজন হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব। সাম্প্রতিক ঘটনাগুলো কেন্দ্র করে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। বুধবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের প্রতিটি ইউনিট তৎপর রয়েছে।
টেকনাফে যুবলীগের মশাল মিছিল ঘিরে বিজিবি-পুলিশের ওপর হামলা, আটক ৩
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিলকে কেন্দ্র করে বিজিবি ও পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির টহল দলের ব্যবহৃত পিকআপের তিনটি গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফের ওলিয়াবাদ মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার খোরশেদ আলম, আকিব ও আব্দুল গফুর।
বিজিবি জানায়, হামলার খবর পেয়ে বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বিজিবির এক সদস্য আহত হন। এ ছাড়া টহল দলের পিকআপের পেছনের দরজাসহ তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। রাত ১২টার দিকে হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য বিজিবি, পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশজুড়ে অভিযান, গ্রেপ্তার ও বিস্ফোরক উদ্ধার
দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় অভিযান চালিয়ে গ্রেপ্তার, বিস্ফোরক উদ্ধার এবং মামলা দায়েরের ঘটনা ঘটেছে।
বরিশালের আগৈলঝাড়া থানায় বোমা হামলার প্রস্তুতিকালে এক ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আড়াই লিটার প্রেসার কুকার বোমা উদ্ধার এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক চালকের নাম মো. কাউছার খলিফা।
মঙ্গলবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামে এ অভিযান চালায় থানা পুলিশ। পরে বুধবার দুপুরে আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশের নির্মাণাধীন স্টেডিয়ামের বালুর মাঠে এসআরবির সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ জানিয়েছে, চলমান সহিংসতার অংশ হিসেবে বোমাটি মজুত করা হয়েছিল। আগৈলঝাড়া থানায় হামলার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রেদওয়ানুর রহমান মাস্টার নামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। অন্যদিকে হবিগঞ্জে মিছিল করার জন্য জড়ো হলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলো উদ্ধারের পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির ঘটনায় ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে ফরিদপুরের বোয়ালমারী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশ এবং কুমিল্লার লালমাইয়ে মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা।
অন্যদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র রাতারগুলে ইকো রিসোর্ট ভাড়া নিয়ে রাজনৈতিক সভা আয়োজনের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় অভিযান চালিয়ে রিসোর্টের কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে রিসোর্টের মালিক সোহেল আহমদ পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন